‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও আমরা এখন বিশ্বে রোল মডেল’

শুধু উন্নয়নের রোল মডেল নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশকিছু আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ সহনীয় বাড়ি উদ্বোধন করেন।
প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে তা মোকাবেলায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশকে দুর্যোগের দেশ উল্লেখ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের মানুষের যেন ক্ষতি কম হয় সে বিষয় গুরুত্ব দিতে সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় দেশের ১৪টি জেলায় ১০০টি আশ্রয়কেন্দ্র এবং ৬৪টি জেলায় ১১ হাজার ৬ শ ৪টি দুর্যোগ সহনীয় বাড়ির উদ্বোধন করেন।
আসাদ রিয়েল, বাংলা টিভি



