
রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে কলেজ ছাত্র রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পরিশোধ করতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে স্বজন পরিবহনের করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সকালে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ রেখেছেন আদালত।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীবের। পরে ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এরপর গত ২০ জুন এক রায়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসকে এ দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী করে রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে বাস দুটির কতৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
স্বজন পরিবহনের মালিকপক্ষ হাইকোর্টের ওই রায় স্থগিতের আবেদন করলে আজ তা আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।
আসাদ রিয়েল, বাংলা টিভি



