দেশবাংলা

বিদ্যালয়ের মাঠ দখল করে গবাদি পশুর খামার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও জমি দখল করে হাঁস, মুরগী ও গবাদিপশুর খামার করার অভিযোগ উঠেছে।

খামারের দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে খামার সরিয়ে নিতে একাধিকবার দাবি করা হলেও, মানছেন না খামার মালিক।

১৯৪৩ সালে চিংড়াখালী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে ৩শ ছাত্র-ছাত্রী ও ৬ জন শিক্ষক রয়েছেন। আবদুল জলিল মিয়া নামে স্থানীয় এক প্রভাবশালী ৬ মাস আগে বিদ্যালয়ের মাঠ এবং সংলগ্ন জমি দখল করে, গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেন।

এতে লেখাপাড়ার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। খামারের দুর্গন্ধে এলাকাবাসী, পথচারীরাও অতিষ্ট। এছাড়া বিদ্যালয় সংলগ্ন চিংড়াখালী মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীরাও থাকতে পারছেনা সেখানে।

এদিকে খামার মালিকপক্ষের দাবি, এতে বিদ্যালয়ের কোন সমস্যা হচ্ছে না। তবে বর্ষা মৌসুমে নিয়মিত মাঠ পরিস্কার করা সম্ভব হয়না।

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অবগত করা হয়েছে বলে জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো: জোহর আলী জানান, খামারের বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দ্রুত খামার অপসারণ করে শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চেয়েছেন এলাকাবাসী।

মো: জোহর আলী, ঝালকাঠি প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button