যুদ্ধ পরিস্থিতিতেও লিবিয়ায় বাংলাদেশিদের কনস্যুলার সেবা

লিবিয়ার ত্রিপোলিতে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা অনলাইনে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শনিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ত্রিপোলির চলমান যুদ্ধের মধ্যেও লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগিরকদের কনস্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা নিশ্চিত করার জন্য, বাংলাদেশ দূতাবাস সকল প্রচেষ্টা চালিয়ে আসছে।
তবে সাম্প্রতিক সময়ে দূতাবাসের আশপাশের এলাকার যুদ্ধ ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করায়, সেবা প্রত্যাশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দূতাবাস উদ্বিগ্ন।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লিবিয়ায় বসবাসরত অভিবাসীদের ডিজিটাল পাসপোর্ট রি-ইস্যু, পাসপোর্ট ডেলিভারি, আউটপাস ইস্যু, দেশে ছুটিতে গমনের প্রত্যয়নপত্র, পাসপোর্ট হারিয়ে গেলে, থানায় জিডির জন্য সার্টিফিকেট, কাগজপত্র সত্যায়নসহ বিভিন্ন কনস্যুলার ও কল্যাণমূলক সেবার জন্য সরাসরি দূতাবাসে না গিয়ে, অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকর্তা বা প্রতিনিধির মাধ্যমে অথবা ইমেইল,ফেসবুকে মেসেজ ও মোবাইলে যোগাযোগের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হয়েছে।
ত্রিপোলিসহ লিবিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে, বর্ণিত উপায়ে দূতাবাসের সব সেবা গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।



