
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বারডেম হাসপাতালের সামনে পিস্তল উঁচিয়ে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দেওয়ায় আসিফ রশিদ খান মুন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায় তিনি একজন আদম ব্যবসায়ী। লোকটিকে কেউ কেউ বিদেশি বলছেন, আবার কেউ বলছেন বাংলাদেশি। আপাতত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগে বারডেম হাসপাতালের সামনে আটকে দেওয়া হয়। এ সময় মোড়ের সবগুলো সড়ক মুখ বন্ধ করে দেয় পুলিশ।
এ সময় একটি প্রাইভেট কার থেকে এক ব্যক্তি বের হয়ে এসে সাইড দিতে বলায় তার সঙ্গে তর্ক শুরু হয় জগন্নাথ হলের শিক্ষার্থী কপিল দেব বর্মনের। এক পর্যায়ে ওই ব্যক্তি পিস্তল উঁচিয়ে তাকে হুমকি দেয় বলে অভিযোগ করে কপিল দেব বর্মন। পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ তাকে হেলমেট পরিয়ে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আজিমুল হক জানান, পিস্তল উঁচিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার মৌখিক অভিযোগ পেয়েছি আমরা। ওই সময় মারধরের ঘটনাও ঘটে। আমরা তাকে নিরাপদে থানায় নিয়ে যাই। তার গাড়ি থেকে একটি শটগান ও একটি পিস্তল পেয়েছি। যদিও থানায় যাওয়ার পর পুলিশ জানতে পারে, তার পিস্তলটি খোয়া গেছে। সেটি পুলিশ উদ্ধার করতে প্রচেষ্টা চলছে।
শাহবাগ থানা সুত্র জানায়, গাড়িতে পাওয়া পিস্তল ও শর্টগান দুটি লাইসেন্স করা। গাড়িতে তিনি তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী একজন অন্তঃসত্ত্বা। দীর্ঘক্ষণ গাড়িতে বসে ছিলেন তারা। এক পর্যায়ে বিরক্ত হয়ে শিক্ষার্থীদের অনুরোধ করতে গিয়েই কথা-কাটাকাটি শুরু হয়। এরপর তিনি পিস্তল উঁচিয়ে ধরেন।



