বাংলাদেশ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে তিনজন আটক

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাশের সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম আহমেদ। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

পুলিশ জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিন নামের এক তরুণকে দেখা যায়। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তুহিনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়।

আটক তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার নুরুল আলমের ছেলে। অন্য দুইজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরে তাকে উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে।

শনিবার দুপুরে লালমাইয়ের সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের প্রাথমিক তদন্তে মুঠোফোনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা নিশ্চিত করতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button