ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত ‘বাংলাদেশ’

ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
জাতিসংঘ সদরদপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ড ব্যুরোর এই নির্বাচনে, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত মরক্কো ও লিথুয়ানিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ব্রাজিল ও সুইজারল্যান্ডের উপ-স্থায়ী প্রতিনিধি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়, এখন থেকে বাংলাদেশের শিশুদের জন্য কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করতে পারবে।
রাষ্ট্রদূত ফাতিমা সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। বিশ্বব্যাপী শিশুরা যে সকল ঝুঁকির মধ্যে রয়েছে তা মোকাবিলাসহ, ২০২০ সালকে ইউনিসেফের জন্য একটি অর্থবহ ও কার্যকর বছরে পরিণত করতে বোর্ড সদস্যগণ সর্বসম্মতিক্রমে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে।
বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে, শিশুদের কল্যাণ সাধন,উন্নয়ন ও অধিকার সুরক্ষার জন্য এ নির্বাহী বোর্ড নতুন নতুন ধারণা ও কৌশল সৃজনে নিবেদিতভাবে কাজ করবে মর্মে প্রতিশ্রুতির কথা বলেন, বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি।
শিশুদের কল্যাণ ও উন্নয়নে ইউনিসেফ এর গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলোরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি



