
টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো তাবলীগ জামায়াতের ৫৫তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। আমীন আমীন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ভারতের নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ।
ঘন কূয়াশার মধ্যে ফজরের নামাজের পরই শুরু হয় হেদায়েতী বয়ান। সকাল থেকে বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাবিব। বাংলায় তরজমা করেছেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। ফজরের নামাজের পর থেকে আখেরী মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মূসল্লীরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।
আখেরী মোনাজাতে যোগদানের সুবিধার্থে রেলওয়ের পক্ষ থেকে ১৬টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়। সকাল ১১টা ৪৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ৬ মিনিটে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরী মোনাজাতে অংশ নিতে পেরে খুশী মুসল্লিরা।
মোনাজাত শেষে নির্বিঘ্নে নিজ এলাকায় ফিরতে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল কঠোর নজরদারী। এদিকে, মুসল্লীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গাজীপুর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
আগামীতেও সুষ্ঠুভাবে সকল মুসল্লী একসাথে ইজতেমায় অংশ নেবেন এমন প্রত্যাশা সবার।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



