সতর্কতামূলক অবস্থানে বিমানবন্দর কর্তৃপক্ষ

চীনের নতুন ভাইরাস সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম (এসএআরএস) প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভাইরাসটি যেন বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য চীন থেকে আসা সরাসরি তিনটি ফ্লাইট ইউএস-বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর যাত্রীদের নজরে রাখা হবে। এ এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট প্রতিদিন আসা যাওয়া করে।
সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ওরিয়েনটেশন প্রোগ্রামে স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাসহ, বিমানবন্দরের চিকিৎসকরা অংশ নেন।
জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করানোসহ, চীন থেকে আসা তিনটি ফ্লাইটের যাত্রীদের ফিজিক্যাল স্ক্রিনিং করানো হবে। এ ছাড়াও যাত্রীরা চীনের কোন শহর থেকে এসেছেন, কোথায় কোথায় গিয়েছিলেন, অবস্থানের সময়সহ বেশ কিছু তথ্য সংগ্রহ করা হবে।
চীনে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাকে এসব পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে।



