মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে’র আদেশ বৃহস্পতিবার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন আন্তর্জাতিক বিচার আদালত।
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গত ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
ইসলামিক সহযোগিতা সংস্থা- ওআইসি’র পক্ষে করা মামলায় গাম্বিয়া মিয়ানমারের গণহত্যার আচরণ অবিলম্বে বন্ধ করার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে জরুরিভাবে আদেশ দেওয়ার আহ্বান জানায়।
রোহিঙ্গাদের অধিকার রক্ষায় বিশ্ব আদালত সোচ্চার হবে এমনটাই প্রত্যাশা আইন বিশেষজ্ঞদের। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের উপর পূর্ব-পরিকল্পিতভাবে জাতিগত শুদ্ধি অভিযান চালায় মিয়ানমার।
দেশটির সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে নতুন করে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।



