মালয়েশিয়ায় প্রবেশে কড়াকড়ি আরোপ

মালয়েশিয়ায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দরে স্বচ্ছতা ফিরিয়ে আনতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ৪৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও, বছরের প্রথমদিন থেকে বিমানবন্দরে নতুন করে আরও ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা বসানো হয়েছে।
জানা গেছে, গত বছর বাংলাদেশ থেকে ঘুরতে যাওয়া তিন হাজার ১৫৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তাদের ক্ষেত্রে নট টু ল্যান্ড এনটিএল বিধান কার্যকর করা হয়।
মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাজায়মি দাউদ জানান, কড়াকড়ি আরোপ করা হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ব্যবস্থাপনায়। গতবছর মোট ৪৪ হাজার ৯৪১ বিদেশিকে এনটিএল বিধানের অধীনে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি। এর মধ্যে রয়েছে, ভারত,ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীনসহ বিভিন্ন দেশের অভিবাসী।
ইমিগ্রেশনের মহাপরিচালক আরও বলেন, যেসব বিদেশিকে সন্দেহ করা হবে, অথবা যারা দেশে প্রবেশের নিয়মগুলো সম্পর্কে অবহিত থাকবে না, তারা সে দেশে প্রবেশ করতে পারবেন না।
বিদেশি পর্যটকদের দেশে ফেরার ফিরতি বিমান টিকিট, মেয়াদসহ ভিসা, হোটেল বুকিং, বৈধ পাসপোর্ট ও অর্থনৈতিক অবস্থার প্রমাণ দিতে না পারলে, কালো তালিকাভুক্ত করে তাকে ফেরত পাঠানো হবে বলেও জানান, তিনি।



