২৫ হাজার জনগণের জন্য নেই কোনো সেতু

বরিশালের আগৈলঝাড়ায় ২৫ হাজার জনগণের জন্য, সন্ধ্যা নদী পারাপারে কোনো সেতু না থাকায়, জীবনের ঝুঁকি নিয়ে খেয়ায় নদী পারাপার হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিশু, বয়স্করা।
খেয়াযোগে নদী পারাপারে অহরহ ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত এ সেতুটি নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার হাট, বাগধা ও আমবৌলা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর ওপর পারাপারের জন্য একটি সেতু থাকলেও, এর ৩ কিলোমিটার দূরে রয়েছে বাগধা গ্রাম। এখানে পারাপারে সেতু না থাকায় গ্রামের মানুষকে বাধ্য হয়ে খেয়ার নৌকায় পারাপার হতে হয়।
এছাড়া নদীর পশ্চিম পাড়ে একাধিক স্কুল, কলেজ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ ও পূর্ব পাড়ে ৪টি মাদ্রাসাসহ স্থানীয় হাট-বাজার থাকায় এখানকার মানুষের নদী পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে খেয়ার মাধ্যমে প্রতিদিন নদী পার হচ্ছে সহস্রাধিক মানুষ। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।
এ পরিস্থিতিতে একটি সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী জনগনের। বিভিন্ন সমস্যা তুলে ধরে সেতু নির্মানের জন্য সরকারের সু-দৃষ্টি চান শিক্ষকরা।
সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। ব্রিজের কাজ দ্রুত শুরু করতে এলজিইডি মন্ত্রনালয়ে যোগাযোগ করা হবে বলে জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
অচিরে এখানে একটি সেতু নির্মান হবে এমন প্রত্যাশা স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের।
এফ এম নাজমুল রিপন, বরিশাল প্রতিনিধি



