বিশ্ববাংলা

চীনে আটকে পড়া শিক্ষার্থীদের দেশে ফেরার আকুতি

গত দুদিন ধরে অন্তত ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী আটকে পড়েছেন করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল চীনের উহান শহরে। তাদের অনেকেই বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন।

এদিকে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় খাবার ফুরিয়ে আসছে। ফলে শিক্ষার্থীরা সবাই আতঙ্কিত এবং চিন্তিত। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেউ আক্রান্ত হয়নি।

আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছে, উহানের অধিকাংশ দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে তাদের মজুতকৃত খাবারও ফুরিয়ে আসছে। ফলে খুব শীঘ্রই তারা খাবারের সংকটে পড়বেন। প্রায় ৫০০ জন বাংলাদেশি শিক্ষার্থী এ শহরে আটকা পড়েছেন বলে জানান এক শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী আরও জানায়, বিশ্ববিদ্যালয়ে ছুটি চললেও তাকে ২৩ জানুয়ারি থেকে হোস্টেলে বন্দিজীবন কাটাতে হচ্ছে। একই বিশ্ববিদ্যালয়ে তার মতো অন্তত আরো ১৪০ জন বাংলাদেশি শিক্ষার্থী আটকে পড়েছেন। কিন্তু, বাংলাদেশি দূতাবাস কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউই এখন পর্যন্ত তাদেরকে উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়া হয়নি।

উহান শহরে প্রায় ১১ মিলিয়ন মানুষ বসবাস করেন। শহরের অধিবাসীদের শহর না ছাড়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভাইরাসটি যাতে অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য উহান শহরের গণপরিবহন ব্যবস্থাও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিমানবন্দরে সব যাত্রীবাহী বিমান বাতিল করা হয়েছে।

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৬ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৩০০ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button