আমিরাতে ৮০ হাজার অবৈধ বাংলাদেশির অবস্থান

সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ শেষ হওয়ায় প্রায় ৮০ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক অবৈধ হয়ে পড়েছেন। সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন এ তথ্য জানান।
এছাড়াও কুয়েতে পাঁচ হাজার, ইরানে দেড় হাজার, মিসরে চার হাজার ও দক্ষিণ কোরিয়ায় আড়াই হাজার প্রবাসী কর্মী রয়েছে, যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ প্রবাসীদের বৈধভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ দিয়ে সৌদি সরকার গেল বছরে ২২ ডিসেম্বর ‘স্পেশাল এক্সিট প্রোগ্রাম’ ঘোষণা করেছে। এ প্রক্রিয়ায় যেসব প্রবাসী ফেরত আসবেন, তারা পরবর্তীতে বৈধ ভিসা নিয়ে আবার সৌদি আরব যেতে পারবেন।
মন্ত্রী আরো জানান, গেল ২০১৬-১৮ সাল পর্যন্ত ছয় লাখ বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার আবেদনের সুযোগ পান। এর মধ্যে চার লাখ কর্মী বৈধতা লাভ করেন। বর্তমানে মালয়েশিয়ায় বৈধ হওয়ার কোনো প্রক্রিয়া চালু নেই।
অবৈধ অবস্থানকারীদের জন্য মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায়, গেল পাঁচ মাসে প্রায় ৫২ হাজার বাংলাদেশি অবৈধ কর্মী দেশে ফিরে এসেছেন।



