বিশ্ববাংলা

বৈরুতে বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

লেবাননে বৈরুত দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিনামূল্যে ১৩তম চিকিৎসা সেবা উদ্বোধন করেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। গত রোববার দূতাবাসের হলরুমে স্থানীয় সময়, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেয়া হয়।

বৈরুত দূতাবাস এর উদ্যোগে এবং ইউনিফিল এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম এর সহায়তায় প্রবাসীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এসময় তাদের নানা পরামর্শও দেয়া হয়। একজন সার্জন ও ৪ জন প্যারামেডিকসসহ মোট ২৪ জন ইউনিফিল সদস্যের সহায়তায়, ৪১১ জন প্রবাসীকে এই সেবা দেয়া হয়।

কয়েকজন অসুস্থ প্রবাসী জানান, দূতাবাসের এই উদ্যোগে তারা আনন্দিত। প্রতিমাসে নিয়মিতভাবে যদি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, তবে প্রবাসীরা আরো অনেক বেশি উপকৃত হবেন।

এসময় উপস্থিত ছিলেন, লেবানন ইউনিফিলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয় ব্যানকন-১০ এর কমান্ডার ক্যাপ্টেন এম জয়নাল আবেদিন ও দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাহ আল মামুন। ক্যাপ্টেন এম জয়নাল আবেদিন বলেন, সাধারণ প্রবাসীদের সেবা দিতে পেরে আনন্দিত তারা। বলেন, ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে।

প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় বৈরুত দূতাবাসসহ, নৌবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান, চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত মোতালেব সরকার বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০০০ প্রবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। লেবাননে চিকিৎসা সেবা খুব ব্যয়বহুল ও প্রবাসীদের নাগালের বাইরে থাকায়, সাধারণ প্রবাসীরা অসুস্থ হলেও, ভাষা জটিলতা ও চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ার কারণে ডাক্তারের কাছে যেতে পারেন না।

ফলে, প্রবাসী বাংলাদেশীরা সাধারন রোগে আক্রান্ত হলেও, চিকিৎসার অভাবে সেগুলো জটিল রোগে পরিণত হয়।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button