দেশের কথা ভেবেই না ফেরার সিদ্ধান্ত

দেশের কথা ভেবে আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চীনের ইয়াননান প্রদেশের কুনমিং সিটিতে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকী। এক ভিডিও বার্তায় সেখানকার বর্তমান অবস্থা তুলে ধরে একথা জানান তিনি।
বর্ণ সিদ্দিকী জানান, ‘আমি এই মুর্হূতে বাংলাদেশে যেতে চাই না। সেখানে গিয়ে আমার যদি খারাপ অবস্থা হয়, তবে তো আমার পরিবারের মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে। কারো সাথে থাকলেই এই রোগের বিস্তার ঘটবে। আমার বাবা-মা যতই বলুক। আমি সেখানে যাবো না।’
তিনি আরও বলেছেন, এই মুর্হূতে দেশের স্বার্থে আমি আমার মাতৃভূমিতে যাচ্ছি না। চীনে আমরা শিক্ষার্থী ছাড়াও আরও হাজার হাজার বাংলাদেশি আছি। আমরা জানি না এই রোগটা কার কাছে চলে এসেছে। এই রোগটার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটি শরীরে আসার পর থেকে ১৪ দিন অবস্থান করবে এবং কোনো লক্ষণও প্রকাশ করবে না।
এখন আমরা যারা এখানে আছি তারা যদি দেশে ফিরে যাই তাহলে নিজের অজান্তেই কারো না কারো সাথে এই ভাইরাস দেশে চলে যেতে পারে। তাই দেশের সার্থে এখন চীনে থাকাই ভালো। এছাড়া, চীনের উহান শহরে প্রায় তিনশ’রও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছে বলে জানা গেছে। এরা সবাই উহান শহরে নিজেদের কক্ষে প্রায় বন্দী অবস্থায় রয়েছেন।
তবে উহান শহরে থাকা বিদেশি নাগরিকদের আগামী দুই সপ্তাহের মধ্যে ছাড়বে না চীন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে বলেও জানান, এই শিক্ষার্থী।



