লেবাননে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে নিবন্ধন কর্মসূচী

লেবাননে অবৈধ প্রবাসীদের দেশ ফেরার নিবন্ধন আবারো শুরু হয়েছে। দেশটিতে বসবাসকারী বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায়, দ্বিতীয় ধাপের নাম নিবন্ধন আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই ৬ দিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের আবেদন গ্রহন করবে, বৈরুত দূতাবাস। গত মঙ্গলবার বৈরুত দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে, এ তথ্য জানানো হয়।
এ সুযোগ নিতে আগ্রহী অবৈধ প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে নাম নিবন্ধন করে, দূতাবাসে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও সময় নিতে হবে। অনলাইনে সিরিয়াল নেয়া ছাড়া সরাসরি কোন আবেদন গ্রহন করা হবে না বলেও দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবেদনকারী পুরুষ কর্মীর ক্ষেত্রে এক বছরের জরিমানা বাবদ ৪ লাখ লিরা ও মহিলা কর্মীর ক্ষেত্রে ৩ লাখ লিরাসহ, এয়ার টিকেটের মূল্য বাবদ, নারী পুরুষ উভয়কে ৩০০ মার্কিন ডলার নিয়ে, স্বশরীরে দূতাবাসে হাজির হয়ে আবেদন করতে হবে।
দালাল বা অন্য কারো হাতে পাঠানো আবেদন গ্রহন করা হবে না। যাদের নামে চুরি, মাদক ও ফৌজদারী মামলা বা কোর্টের গ্রেফতারী পরোয়ানা রয়েছে তারা এ কর্মসূচীর আওতায় পড়বে না। এর আগে গত ১৫ সেপ্টেম্বর প্রথম ধাপে প্রায় ২ হাজার ৫০০ জন অবৈধ প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



