স্থল বন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হিলি, আখাউড়া ও বেনাপোল ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের মাঝে লিফলেট বিতরণসহ মৌখিক পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত যাত্রীদের নাম লিপিবন্ধ করা হচ্ছে।
এদিকে, চীন থেকে ভারত হয়ে কোন যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে কি-না তাও মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে, আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে করোনা ভাইরাস শনাক্তকরণে সতর্কতায় অস্থায়ী হেলথ ডেস্ক খোলা হয়েছে।
এরই মধ্যে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন স্বাস্থ্যকর্মীরা। অপরদিকে, চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেনাপোল স্থলবন্দরের চেকপোষ্ট ইমিগ্রেশনে সতর্কতা জারী করেছে স্বাস্থ্য বিভাগ।



