
ঢাকা সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার জন্য পোস্টার থেকে উৎপন্ন হয়েছে প্রায় ২৫০০ টন প্লাস্টিক বর্জ্য। পরিবেশ বিষয়ক বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) গবেষণার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করে।–বিবিসি বাংলা
এসডো’র মহাসচিব ড. শাহরিয়ার হোসেন এক সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে বলেন, ঢাকা শহরের ৪৮টি প্রেস এবং প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের কাছ থেকে তথ্য নিয়ে প্লাস্টিক দূষণের এই ভয়াবহ চিত্র দেখা গেছে।
তিনি বলেন, প্রধান দুই দলের মেয়র প্রার্থীদের প্রত্যেকে গড়ে ৩০ লাখের বেশি প্লাস্টিকে মোড়ানো পোস্টার টাঙিয়েছেন। এছাড়াও এ বছর নির্বাচনী প্রচারণার জন্য মেয়র এবং কাউন্সিলরা আনুমানিক ৩০ কোটি লেমিনেটেড পোস্টার টাঙিয়েছেন। কুয়াশা এবং সম্ভাব্য বৃষ্টি থেকে কাগজের পোস্টারকে রক্ষা করার জন্যই অনেক জায়গায় প্লাস্টিকে মোড়ানো হয়।
তিনি আরও বলেন, আমরা কিছু পোস্টার থেকে কাগজ আলাদা করে শুধু প্লাস্টিকের কভারটি মেপে দেখছি। সেখানে দেখা গেছে, একটি পোস্টারের জন্য দুই গ্রাম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তাতে মোট এই পরিমাণ প্রায় ২৫০০ টন।
এখন এই পরিবেশবিদ আশংকা প্রকাশ করছেন, নির্বাচনের পর এসব পোস্টারের দায়িত্ব কেউ নেবে না। শেষ পর্যন্ত শহরের ড্রেন, নালা এবং নর্দমায় এসব প্লাস্টিকের স্থান হবে। যা হবে ভয়াবহ ও দায়িত্বজ্ঞানহীন কাজ।
উল্লেখ্য, ২২ জানুয়ারি লিথিনে মোড়ানো পোস্টার ছাপা এবং প্রদর্শন বন্ধের জন্য নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আমলে নেয়নি তারা।



