জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান সবজি চাষ

হবিগঞ্জের নবীগঞ্জে, দিন দিনই জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান সবজি চাষ। কোনো প্রকার রাসায়নিক ছাড়াই জৈব পদ্ধতিতে এ চাষ করায়, উৎপাদন খরচও কম। আর, বিষমুক্ত হওয়ায় বাজারে এ সবজির যেমন চাহিদা, তেমনি ভালো দামও পাওয়া যাচ্ছে। পাশাপাশি, এ পদ্ধতিতে উৎপাদনও বেশি হওয়ায়, নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা।
পানিতে কচুরিপানার ওপর মাটি ছাড়া উৎপাদিত লাউ, শসা, টমেটো, মরিচ, ঢেঁড়স, লালশাক, ফুলকপিসহ বিভিন্ন সবজির চাষ করছেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরের চৌশতপুর এলাকার কৃষকরা।
২ হাজার টাকা খরচ করে ভাসমান বেডে সবজি আবাদে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা যায়। ফসল শেষ হওয়ার পর সম্পূর্ণ পঁচে যাওয়া বেড থেকে উত্তম জৈবসারও পাওয়া যায়। এ পদ্ধতিতে চাষাবাদে বেশি লাভ হওয়ায়, কৃষকদের আগ্রহ বাড়ছে। কম জমিতে বেশি ফসল আবাদ সম্ভব হচ্ছে বলেও জানান তারা।
এদিকে, কৃষকদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও কৃষি উপকরণ দিয়ে, এভাবে সবজি ও মসলা জাতীয় ফসল চাষে সার্বিকভাবে সহায়তা দেয়ার কথা জানালেন, কৃষি কর্মকর্তা মাহবুব আলম। হাওড় এলাকার জন্য এ প্রযুক্তি খুব উপযোগী বলে সকলকে এটি গ্রহণের আহবান জানালেন, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম. মাকসুদুল আলম।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষের এই প্রকল্প সারাদেশে সম্প্রসারিত হবে, এমন আশাবাদ সংশ্লিষ্টদের।
মতিউর রহমান, নবীগঞ্জ



