‘সীমান্ত হত্যা বন্ধে সজাগ রয়েছে সরকার’

করোনাভাইরাস ঠেকাতে চীনা নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি ও এদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চীনে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সফর নিয়ে বিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এসব তথ্য জানান। তিনি আরো জানান, ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে সজাগ রয়েছে সরকার।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ইতালি সফর নিয়ে বিস্তারিত জানাতে, রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ব্রিফ করেন।
এসময় তিনি জানান, টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম ইউরোপ সফর। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, পোপ ফ্রান্সিসের সাথে সৌজন্য সাক্ষাৎসহ তিনটি বিষয়ে সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। আরেক প্রশ্নের জবাবে ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকে দুঃখজনক উল্লেখ করে এ কে আবদুল মোমেন জানান, এ ব্যাপারে সতর্ক রয়েছে বাংলাদেশ।
সামান্য কিছু টাকার জন্য প্ররোচিত হয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভারতের সীমান্ত এলাকায় প্রবেশ না করতেও সতর্ক করেন মন্ত্রী।
আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা



