কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের গানের প্রতিযোগিতা

প্রায় চার মাসের যুদ্ধ শেষে সেরা ১৫ জন প্রতিযোগীকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেলো, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথম গানের প্রতিযোগিতা এমএম লাইভ সিঙ্গারস অফ লাইফ ২০২০ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হলেন বগুড়ার সোহান। প্রথম রানারআপ হয়েছেন ঢাকার অর্থী, দ্বিতীয় রানারআপ কলকাতার সৌমিনী। জুড়ি পুরষ্কার পেয়েছেন সিঙ্গাপুরের প্রতিযোগী আনোয়ার।
জমকালো এ আসরে পারফর্ম করেন, সর্বশেষ ১৫ প্রতিযোগী। মিনা, নাজনিন, লোকমান, মোশারফ, তানিয়া, রায়হান, পান্থ, রশিদ, জহির, মহসিন ও মেনন। পারফর্মেন্স বিবেচনায় বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা।
বিচারক ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী খুরশিদ আলম, নায়ক ইলিয়াস কাঞ্চন ও সজীব কুমার দাশ। বাছাই পর্বে বিচারক হিসেবে ছিলেন আহমদ উবাইদুস সামি ও ফারহা নাজিয়া সামি। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার লেবার কাউন্সিলর জহিরুল ইসলাম ও শ্রম কাউন্সিলর হেদায়াতুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, এমএম লাইভের প্রধান নির্বাহী জাফর ফিরোজ ও সঙ্গীত পরিচালক ছিলেন তামিম রিফাত।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, এমএম লাইভের চেয়ারম্যান মামুন বিন আব্দুল মান্নান ও মালয়েশিয়ান চলচ্চিত্র পরিচালক হারিথ হারুনসহ অতিথিরা।



