এক মাসে দক্ষিণ আফ্রিকায় ৮ বাংলাদেশি নিহত

চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ডাকাতের গুলি, ডাকাতের দেয়া আগুনে পুড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে এসব বাংলাদেশি প্রবাসী মারা যান।
অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করে এলেও বিগত ২০১৯ সাল থেকে সেদেশে বাংলাদেশি মৃত্যুর হার আশংকাজনক হারে বেড়েছে। অধিকাংশ বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকায় ব্যবসা বানিজ্য করার কারণে, প্রতিনিয়ত চোর ডাকাতের টার্গেট হয়ে থাকে।
সাধারণত দোকানপাটে চুরি ডাকাতির সময় অধিকাংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও, কিছু কিছু মৃত্যু বাংলাদেশিদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়িক শত্রুতা এবং নারী ঘটিত কারণে হয়ে থাকে। গতমাসের মাঝামাঝি দেশটির ইষ্টার্ণক্যাপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথ শহরে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ হারুন টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময়, নিজ গাড়িতে ডাকাতের গুলিতে নিহত হন।
২২ জানুয়ারি শাকিল আহামদ নামে আরেক বাংলাদেশি নাগরিক নিজ দোকানে ডাকতের গুলিতে প্রান হারান। নিহত শাকিলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। অপরদিকে ২৫ জানুয়ারি আবুল হাসনাত ও নুর মোহাম্মদ নামে অপর দুই বাংলাদেশি নিহত হয়।
একইদিন আবুল হাসনাত নিজ দোকানের কর্মচারীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। সর্বশেষ ২৯ জানুয়ারি মুহাম্মদ বায়জিদ নামে আরেক বাংলাদেশি নিজ দোকানে ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।



