জেদ্দায় পিঠা উৎসব

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী দেশীয় পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এবং পিঠাপ্রেমীদের মনকে পরিতৃপ্ত করতে, সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতি জেদ্দার উদ্যোগে, পিঠা উৎসবের আয়োজন করা হয়।
গত রোববার স্থানীয় একটি পিকনিক স্পটে সংগঠনের সভাপতি জয়নাল জমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসা খান ও মোঃ জয়নাল আবদিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার প্রথম সচিব কামরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন ও আই সির রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন মাহমুদ ও কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাউদ্দিন।
এসময় প্রবাসী নারীরা ভাপা, চিতই, বকুল, বউ পিঠা,জামাই পিঠা, জামদানি, প্রাণহারা, নকশী, সুপ্তি, ফুলি, দুধ পুলি,পাটিসাপটাসহ, দেশীয় নানারকম পিঠা নিয়ে আসেন।
শেষে পিঠা প্রতিযোগিতা ও বাচ্চাদের বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় জেদ্দার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, জেদ্দার স্থানীয় শিল্পীরা।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



