ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। জানা গেছে, ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাইকেলে করে বাসায় ফেরার পথে, আদমের আল-জুবার এলাকায় সালালাহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।
বাংলাদেশ দূতাবাস জানায়, ওই মহাসড়ক দিয়ে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় ফিরছিলেন ৭-৮ জন বাংলাদেশি শ্রমিক। এসময় পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দিলে, ঘটনাস্থলেই ৪ জন মারা যান।
এসময় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। নিহত বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে ২ জন হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সবুর আলী এবং একই উপজেলার মোহাম্মদ লিয়াকত আলী।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ দূতাবাস ওমান, আহত ও নিহতদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহত বাকী ২ জনের পরিচয় নিশ্চিতে কাজ করে যাচ্ছে দূতাবাস কর্মকর্তারা।



