প্রলোভন দেখিয়ে শতশত কোটি টাকা লোপাট

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে নাভানা কোম্পানীর নামে অসহায় মানুষের কাছ থেকে অধিক লাভের প্রলোভন দেখিয়ে শতশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এতে সর্বশান্ত হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার।
এ চক্রের প্রধান নাজমুলকে গ্রেফতারের পর তার সহযোগীদের নানারকম ভয়ভীতি ও হুমকী ধমকীতে আতঙ্কে রয়েছেন ভূক্তভোগীরা।সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে নাভানা কোম্পানীর নাম ব্যবহার করে, একটি চক্র প্রথমে স্থানীয় কিছু দরিদ্র মানুষের কাছ থেকে বাজার মূল্যের দ্বিগুন দামে গরু ক্রয় করেন।পাশাপাশি তারা লোভ দেখান যে, টাকা দিলে দিগুন আর গরু বা জমি দিলেও দিগুনের বেশী টাকা দেয়া হবে।
পরে মরিচবুনিয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ অধিক লাভের আশায় এ চক্রকে গরু, বাছুরসহ নগদ টাকা দিতে থাকে। এভাবে প্রায় একবছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।
ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে ক্ষোভ আর উৎকন্ঠা বিরাজ করছে।গত ২৯ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মানববন্ধনের পর এ চক্রের হোতা নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।অসহায় ক্ষতিগ্রস্থরা তাদের ক্ষতিপুরনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
ইতোমধ্যে নাভানা কোম্পানীর প্রতারক চক্রের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান।
সাধারণ মানুষকে ঠকিয়ে আর যেন এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে নজরদারী বাড়ানোর দাবি জেলাবাসীর।
সৈয়দ হুমায়ুন কবির, পটুয়াখালী প্রতিনিধি



