‘আইটিখাতকে ৫শ’ কোটি ডলারে গড়ে তোলা হবে’

ব্রিটেনের হাউজ অব লর্ডসে বাংলাদেশি ও ব্রিটিশ উদ্যোক্তাদের উপস্থিতিতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতকে ৫শ’ কোটি মার্কিন ডলারের খাত হিসেবে গড়ে তোলা হবে। আর, এ অগ্রযাত্রায় ব্রিটেন অন্যতম অংশীদার হতে যাচ্ছে বলেও জানান তিনি।
ব্রিটেনের হাউজ অব লর্ডসে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের উদ্যোগে আয়োজিত ‘ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ, ফ্রম ফিনটেক টু হাইটেক’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
এসময় বাংলাদেশের আইটি সেক্টরের অগ্রযাত্রার বাস্তব রুপ ও আগামীদিনের মহাপরিকল্পনার চিত্র তুলে ধরেন, প্রতিমন্ত্রী। সেমিনারে দেড় শতাধিক স্থানীয় ও বাংলাদেশি-ব্রিটিশ উদ্যোক্তা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরাও তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা জানিয়ে বলেন, উন্নয়নশীল দেশে কিভাবে বিনিয়োগ করা যায় সেটা ভাবা হচ্ছে। হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম,বঙ্গবন্ধু স্টার্ট-আপ ইনোভেশন গ্র্যান্টের কথা উল্লেখ করে, বাংলাদেশি-ব্রিটিশ তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রকল্পের প্রস্তাব সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগে প্রদানের আহ্বান জানান।
সেমিনারে ব্রিটিশ মন্ত্রী, এমপি, হাউজ অব লর্ডসের সদস্যসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনার ওপর দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।



