যাত্রা শুরু করল লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায়, সকল আনুষ্ঠিকতার পর অবশেষে যাত্রা শুরু করল, লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
লেবানন-বাংলাদেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, তথ্য বিনিময়, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ জ্ঞাতকরণ এবং উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে, এই প্লাটফর্মটি গঠন করা হয়েছে।
গত বৃহষ্পতিবার রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্র সানাইয়াতে অবস্থিত বিবি হাউজে উদ্বোধন করা হয়, বহু প্রতীক্ষিত লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুইবারের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদের নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ-লেবানন পার্লামেন্টারি ফ্রেন্ডশীপ গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন জাবের এমপি এবং বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার।
প্রধান অতিথি ইয়াসিন জাবের এসময় বলেন, বাংলাদেশ অন্যতম বর্ধনশীল অর্থনীতির দেশ। আর এখানে দুই দেশের ব্যবসায়ীদের কাজের সুযোগ রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, এই কাউন্সিলের ফলে, বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে অনেক সুবিধা বাড়বে।
এতে উপস্থিত ছিলেন, লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট রিয়াদ বাসাতনি, সেক্রেটারী জেনারেল ড. হাসান আল আলী, বৈরুত দূতাবাসের প্রথম শ্রমসচিব আব্দুল্লাহ আল মামুনসহ, লেবানিজ ব্যবসায়ী সম্প্রদায়, বিনিয়োগকারী বোর্ডের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,লেবানিজ ও বাংলাদেশী সাংবাদিকসহ বিশিষ্টজনেরা।
লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট রিয়াদ বাসাতনি বলেন, লেবানন থেকে কিছু বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের তারা পরিচয় করিয়ে দিতে চান, যারা বাংলাদেশে আসতে এবং বিনিয়োগ করতে পারেন।
এ বিজনেস কাউন্সিল দু’দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান, আগত অতিথিরা।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



