শিক্ষার্থী সংকটে বন্ধ হতে চলেছে কেএইচডি দাখিল মাদ্রাসা

শিক্ষার্থী সংকটে বন্ধ হতে চলেছে শেরপুরের শ্রীবরদী কেএইচডি দাখিল মাদ্রাসা। দুর্নীতি, জালায়াতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এতে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ১৯৮২সালে প্রতিষ্ঠিত হয়, রাণীশিমুল কেএইচডি দাখিল মাদ্রাসা। এরপর ১৯৯৪ সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন জ্ঞানের আলো ছড়ায় প্রতিষ্ঠানটি। কিন্তু গত দেড়বছর থেকে শিক্ষার্থী সংকটে প্রতিষ্ঠানটি।
অভিযোগ ওঠেছে, মাদ্রাসা সুপার আব্দুল মান্নান এবতেদায়ী শাখার মৌলভী থেকে ভুয়া ছাড়পত্রে সহকারী শিক্ষক পদ দেখিয়ে, অন্য শিক্ষকের ইনডেক্স ব্যবহার করে, সুপার পদে যোগদান করেন। পরবর্তীতে মনগড়াভাবে মাদ্রাসার পরিচালনা, অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সাথে দূর্ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে সুপারসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন, সুপার আব্দুল মান্নান। এদিকে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানালেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান।
শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
শাকিল মুরাদ, শেরপুর প্রতিনিধি



