বিশ্ববাংলা

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথমবারের মতো কোনও বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গাপুরে নতুন করে আরও তিন জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। করোনাভাইরাসের বিস্তারের তালিকায় চীনের পর এখন দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত সিঙ্গাপুরে।

রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশি এই প্রবাসীকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, গত ১ ফেব্রুয়ারি তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়। পরে ৩ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরের জিপি ক্লিনিকে পাঠানো হয়। এর দুদিন পর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশি এই প্রবাসীকে চাঙ্গি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গত ডিসেম্বরে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৪৬৩ জন। বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৩ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ২ হাজার ১৫২ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button