বিশ্ববাংলা

কুয়েতে জমকালো আয়োজনে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট

কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে জমকালো আয়োজনে শেষ হলো, টি-টেন বিজয় দিবস কাপের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ২২টি ক্রিকেট দলের অংশগ্রহণে ২০১৯ এর ২৭শে ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।

অবশেষে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব। এতে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব রানার্স-আপ হয়।

গেলো শুক্রবার বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় টি- টেন বিজয় দিবস কাপের ফাইনাল খেলা। আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে, যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এবং বিশেষ অতিথি ছিলেন কুয়েত দূতাবাসের ডিফেন্স এটাশে বিগ্রেডিয়ার জেনারেল আবু মূসা, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্থানীয় পৌরসভার জ্যেষ্ঠ কর্মকর্তা সাদ ছালেম আল-ক্লিনিস।

আব্বাসিয়া থানার অফিসার ইনচার্জ বিগ্রেডিয়ার জেনারেল ইব্রাহিম আব্দুর রহমান আল-দাহি ও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত এর উপদেষ্টা আজিজুর রহমানও এতে উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় অসাধারণ পারফর্মেন্স এর জন্য ম্যান অব দ্যা ম্যাচ হন মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সানোয়ার।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।  এ সময়, কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, সবার সহযোগিতায় সফলভাবে টুর্নামেন্ট শেষ করতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময়, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্থানীয় প্রশাসনিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button