লেবাননে বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

লেবাননে শ্বাসকষ্টে মোমেনা বেগম নামে এক নারীকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় কেরেন্তিনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে।
মোমেনা বেগম দীর্ঘ ৮ বছর আগে গৃহকর্মীর ভিসা নিয়ে লেবানন আসেন। তিনি মুকাল্লেস এলাকায় নিজ রুমে ৪ দিন যাবত ঠান্ডাজনিত সমস্যায় অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাকে কেরেন্তিনা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করার কয়েক ঘন্টা পরেই রাত ৯ টায় মুত্য হয়।
চিকিৎসক জানিয়েছেন, শ্বাসজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার চরভাদ্রসন উপজেলার বোদ্দাঙ্গি গ্রামে। স্বামীর নাম ওবায়দুর রহমান।
এদিকে তাঁর মৃত্যু সংবাদ বৈরুত দূতাবাসকে জানালে দূতাবাসের শ্রম সচিব জানান, প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ স্বল্প সময়ে পরিবারের নিকট ফেরত পাঠানো হবে।



