
কিডনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও সড়কে গুরুত্বারোপসহ মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে, এইসি সম্মেলন কক্ষে এক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেন সরকারপ্রধান শেখ হাসিনা।
এছাড়া মোবাইল অপরারেটর টেলিটকের সম্ভাবনা-সমস্যা নিরূপণে তৃতীয় পক্ষ অডিট করার বিষয়সহ বেশকিছু নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ২৪ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নুরুল আমিন জানান, দেশে কিডনি রোগী বাড়ায় সকল মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করা হবে।
এছাড়া, আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সভায় ৭শ’ ৭২ কোটি টাকার দুইটি প্রকল্পের অনুমোদন দেয়ার কথাও জানানো হয়েছে। এসময় টেলিটক ও নদী রক্ষায় প্রধানমন্ত্রীর বেশ কিছু অনুশাসনের কথাও জানান পরিকল্পনা সচিব।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



