আইআইইউসিতে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে আইআইইউসির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কর্ণেল অবসরপ্রাপ্ত মো. কাসেম।
এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইআইইউসির কিছু সংখ্যক শিক্ষার্থীর নিয়মের পরিপন্থি বিভিন্ন অনৈতিক দাবি পূরণ না করায় তারা পেশি শক্তির মাধ্যমে এসব অনৈতিক দাবি আদায়ে কর্তৃপক্ষকে চাপ দিতে থাকে।
এরআগে, গত ২৭ জানুয়ারী একজন আবাসিক শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন চালায় তারা। এ ঘটনার প্রেক্ষিতে ২৯ জানুয়ারী কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ডক্টর আবদুল হামিদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ডক্টর মো. দেলোয়ার আহমদ, কলা অনুষদের ডীন ডক্টর মো. রিয়াজ, প্রক্টর মোস্তফা মুনির চৌধুরীসহ অন্যরা।



