সচল করা হয়েছে আগুনে পোড়া ট্রেনের বগিগুলো

সৈয়দপুর রেলওয়ে কারখানায় সচল করা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে আগুনে পোড়া রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো। ইতোমধ্যে ৬টি বগি সচল করে রেলের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতবছর ট্রেন দূর্ঘটনার মধ্যে আলোচিত ছিল ১৪ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে রংপুর এক্সপ্রেসের ট্রেন দূর্ঘটনা।ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হওয়ার পর, ট্রেনে আগুন লেগে ৩টি বগি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি, ক্ষতিগ্রস্ত হয় ১৪টি বগি।
এসব ড্যামেজ বগি সচল করতে নিয়ে যাওয়া হয়, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। ডিসেম্বরে ৫টি শোভন চেয়ার ও ১টি পাওয়ার কার সচল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মেরামত চলছে ১টি এসি বার্থ ও ১টি এসি চেয়ারের কাজ।
৬টি কোচ মেরামত শেষে, ইতোমধ্যে ডিভিশনে হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী কোচগুলো দ্রুত সময়ে মেরামত করা হবে বলে জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার উপ-সহকারী প্রকৌশলী মোমিনুল ইসলাম।
শ্রমিক সংকট নিয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানী করা উন্নতমানের এসব কোচ মেরামতের বিভিন্ন দিক তুলে ধরেন, রেলওয়ে কারখানার উদ্ধর্তন কর্মকর্তা জাহিদুল ইসলাম। ২০১৯ সালের মাঝামাঝি সময় স্টিল বডির এসব কোচ, ইন্দোনেশিয়া থেকে আমদানি করে বাংলাদেশ রেলওয়ে।
আলফাজ আল মামুন, নীলফামারী প্রতিনিধি



