বিশ্ববাংলা

বাংলাদেশ থেকে জনশক্তি নেবে কাতার

বাংলাদেশের জন্যে গুরুত্বপূর্ণ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ কাতার। প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত আছেন দেশটিতে। ২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাতারের ওপর অবরোধ করে সৌদি আরবসহ তার মিত্র দেশগুলো।

এর কিছুটা প্রভাব পরে বাংলাদেশের শ্রমবাজারের ওপর। এরপর বিভিন্ন কারণে অনেকাংশে বন্ধ হয়ে যায় এই শ্রমবাজার। সম্প্রতি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।

বাংলাদেশ সরকারের শ্রম সচিব সেলিম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল, কাতার সফর করে সেদেশের শ্রমমন্ত্রীর সাথে বৈঠক করেন। দু’দেশের প্রতিনিধি দলের যৌথ বৈঠক থেকেই বাংলাদেশের দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করে কাতার সরকার।

দেশে ফিরে শ্রম সচিব সেলিম রেজা সাংবাদিকদের জানান, কাতারের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। এ বিষয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, কাতার সরকার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

বিশ্বকাপ ফুটবল আয়োজনকে সামনে রেখে কাতারের বিভিন্ন কারিগরি খাতে লোকবলের চাহিদা রয়েছে। সে প্রেক্ষিতে কাতার সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

কাতার সরকারের নেয়া এমন সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেন, বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ তুহিনুল হক। অন্যদিকে, কমিউনিটির অপর এক নেতা আলহাজ্ব হাচান মাবুদ বলেন, প্রধানমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দল এবং রাষ্ট্রদূত আসুদ আহমেদের দীর্ঘ চেষ্টায় এই শ্রমবাজার আবার উন্মুক্ত হচ্ছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে।

এর আগে দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধি ও নেপালের এক নাগরিক খুনসহ নানা কারণে বাংলাদেশী কর্মী নেয়া বন্ধ করে দেয় দেশটির সরকার। আশা করা যায় আগামী মার্চ এর প্রথম দিক থেকে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়া শুরু করবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button