‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষকের স্বার্থকে গুরুত্ব দিতে হবে’

কৃষকের ন্যায্যমূল্যের কথা চিন্তা করে বর্তমানে প্রথমবারের মতো আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। যাতে কৃষক ধান উৎপাদনে আরো উৎসাহিত হয় সেজন্য কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অভ্যন্তরীণ আমন সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এবছর ১৬ টি জেলার ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে। আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব উপজেলায় মোবাইল অ্যাপস চালু করা হবে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, খাদ্য মন্ত্রণালয়ই প্রথম খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার কৌশল বিষয়ক সভা করেছিল। সেখানে খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী কে সতর্ক করে, দুর্নীতি পরিহার করে নিজেদেরকে শুদ্ধ হতে বলা হয়েছিল। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, সুন্দর, আলোকিত খাদ্য বিভাগ তথা খাদ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য।
সকলকে আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, আসুন আমরা নিজেদের মধ্যে দেশ প্রেম জাগিয়ে তুলি, দেশকে ভালোবাসি। দেশের প্রতিটি সেক্টর যদি এক সঙ্গে, সমভাবে এগিয়ে যেতে পারে তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ অচিরেই বিনির্মাণ করতে পারব।



