বিশ্ববাংলা
ডানকিনে হামলার শিকার বাংলাদেশি নারী

ডানকিনে কাজ শেষে বাসায় ফেরার পথে, রাবেয়া বেগম নামে এক বাংলাদেশি নারী হামলার শিকার হয়েছেন। বাংলাদেশি ওই নারী তার কর্মস্থল ডানকিন ডোনাট কফি শপে কাজ শেষে বাসায় ফেরার পথে, ১৩৮ স্ট্রিট ব্রুক এভিনিউ স্টেশনে ট্রেনের মধ্যে এক দুর্বৃত্ত তার ওপর আক্রমণ করে।
জানা যায়, রাবেয়া বেগম ট্রেনের বগি পরিবর্তন করে অন্য বগিতে যাওয়ার সময়, চলন্ত ট্রেনে হঠাৎ এক দুর্বৃত্ত ছুরি দিয়ে তার মাথায় ও হাতে কয়েকবার আঘাত করে। এরপর ওই নারী চিৎকার করে উঠলেও কেউ ভয়ে এগিয়ে আসেননি।
পরে ট্রেনের এক যাত্রী এগিয়ে আসেন এবং নিজের পরনের শার্ট খুলে রাবেয়ার রক্তাক্ত শরীর ঢেকে দেন। নিউইয়র্কের লিংকন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন রাবেয়া ।
আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি



