
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির বিক্ষোভ কর্মসূচি আজ। কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে, সকালে কয়েকজন নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। এরপর থেকে কার্যালয়ে কেউ ঢুকতে কিংবা বেরুতে পারছেন না।
দুপুর ২টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে পুলিশ বলছে, এ কর্মসূচি পালনের কোনো রকম অনুমতি নেই। রাস্তায় যাতে যানজট কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন।



