
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে না গিয়ে শোডাউনের কারণে ভোটকেন্দ্রে উপস্থিতি কম হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
এসময় তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনেই বিরাট বিরাট মিছিল, পোস্টারে সয়লাভ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম ৮০ শতাংশ ভোট হবে কিন্তু উল্টো হলো।
এটা আমার ধারণা যে, প্রার্থীরা ভোটারের কাছে না গিয়ে রাস্তায় গিয়েছে। আসল যে সম্পত্তি যেখানে, ভোট দেবেন যারা, তাদের কাছে যায়নি, ভোট কম পড়ার এটা একটা কারণ।
কে এম নূরুল হুদা আরও বলেন, আমাদের দেশে অনেক সময় বলা হয়, আমেরিকা এমন করে, সুইজারল্যান্ড, জার্মানিতে এইরকম হয়। আমাদের এখানে হয় না কেন? সেদিন একটা পলিটিক্যাল পার্টি এসেছিল, আমি অত্যন্ত নিচুগলায় বললাম কানেকানে, আগে সুইজারল্যান্ড হতে হবে, তারপরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরি (অব:), নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর।



