গ্রিসে বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

গ্রিসের মানোলদাতে মো. কামাল হোসেন নামে এক বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত সোমবার থেকে এ বাংলাদেশি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর, গতকাল বিকেলে একটি ফলের বাগানের ভেতর থেকে পুলিম তার মরদেহ উদ্ধার করা হয়।
কামালের বাড়ি সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলার কালধর গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। ফ্রান্স থেকে মরহুমের এক ভাই জানিয়েছেন, কামাল প্রায় ১২ বছর আগে গ্রিসে পাড়ি জমান। যারা সড়কপথে হেঁটে গ্রিস থেকে বিভিন্ন দেশে অবৈধভাবে যাওয়া আসা করতো, তাদের পথ দেখিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দেয়ার কাজ করতেন তিনি।
এদিকে, কামালের মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। তার নিখোঁজ হওয়া এবং হঠাৎ এ রহস্যজনক মৃত্যু নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এটা আত্মহত্যা নাকি দুর্বৃত্তদের দ্বারা পরিকল্পিত হত্যা, এ রহস্য যেন উদঘাটনই হচ্ছে না।
কামালের মৃত্যুতে পরিবার ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।



