‘ওসি’কে স্যার বলার দরকার নাই’

দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে কয়েকদিন আগে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, পিপিএম। এবার তিনি নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে আবারো আলোচনায় এসেছেন।
ব্যানারে লেখা রয়েছে, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যে কোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসি’কে স্যার বলার দরকার নাই।’
গোয়ালন্দঘাট থানার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো এই ব্যানারের ছবিটি ফেসবুকে পোস্ট করেন ওসি আশিকুর। এরপরই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে ওসি আশিকুর জানান, ‘আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং, জনগনকে সেবা করাই আমাদের কাজ।’



