‘এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ করা হবে’

প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানিসহ সবধরণের সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ রেডিসন ব্লু বলরুমে, বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত এর আয়োজনে, গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এছাড়াও প্রবাসীদের অন্যান্য সমস্যা সমাধানে, বাংলাদেশ সরকার কাজ করছে বলেও জানান, তিনি। এসময় আমিরাত প্রবাসী বাংলাদেশিদের নানা সংগঠনের পক্ষ থেকে, তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইউএ ই আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপের সভাপতিত্বে, শাহ মাকসুদ এবং নাসির উদ্দিন কাওসারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল, ইকবাল হোসাইন খান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, সংবর্ধনা অনুষ্ঠান পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ডক্টর আফজাল হোসেন,রাজউক এর চেয়ারম্যান সাইদ নূর আলম, যুগ্ম-সচিব উম্মে সালাম তানজিয়া, কৃষিবিদ আমিনুর রহমান শামীম, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান জামাল আহমদ শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, জি এম জায়গীরদার ও ডক্টর রেজা খানসহ আরো অনেকে।
শেখ ফয়সাল সিদ্দিকী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি



