নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান স্থগিত

উচ্চ আদালতের স্থগিত আদেশের পর, বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করা হয়েছে। ক্ষুব্ধ প্রার্থীদের হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে, আদালত এই নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।
গত ১৬ ফেব্রুয়ারি যোগদান করতে আসা নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরা, তাদের যোগদান নিশ্চিত করে, শিশুদের সাথে মুজিববর্ষ পালনের সুযোগ করে দিতে, প্রধানমন্ত্রীর কাছে আঁকুতি জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্থগিত আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলে, ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষণ করা হয়নি, এমন অভিযোগ এনে দায়ের করা রিট হাইকোর্টে চলমান রয়েছে। ওই রিটের আদেশে ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন আদালত। ফলে, এসব জেলায় ১৬ ফেব্রুয়ারি যোগদানের অনিশ্চয়তা দেখা দেয়।
নিয়োগ স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি, শিক্ষকরা দ্রুত নিয়োগ পেয়ে যেন, শিশুদের সাথে মুজিববর্ষ পালন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে, আদালতে রিট নিস্পত্তির মাধ্যমেই উদ্ভুত পরিস্থিতির সমাধান হবে বলে জানান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
প্রধানমন্ত্রী শিক্ষক নিয়োগের সমস্যা অচিরেই সমাধান করবে, এমন প্রত্যাশা নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের।
এফ এম নাজমুল রিপন, বরিশাল প্রতিনিধি



