ছাত্রীদের বিবস্ত্র করে পরীক্ষা, গ্রেফতার-৪

হস্টেলে আবাসিকদের কারও পিরিয়ড চলছে কি না তা নিশ্চিত করতে ছাত্রীদের বিবস্ত্র করা হল। আর এই সবটাই হল কলেজের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতিতে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ভারতের গুজরাটের ভূজে মেয়েদের কলেজ হস্টেলে।
সোমবার হস্টেলের বাগানে একটি ব্যবহৃত প্যাড পড়ে থাকতে দেখা যায়। তখনই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ‘অপরাধী’-কে খুঁজে বের করতে সবাইকে পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনায় বিক্ষিপ্ত অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
এ ঘটনায় অবশেষে সোমবার গ্রেফতার হয়েছেন শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা, রীতা রানিগা (৩৮) এবং আরও তিন কর্মী—কোঅর্ডিনেটর অনিতা চোহান (৪৯), হস্টেল সুপারভাইজার রমিলা হিরানি (২৯) এবং পিওন নয়না গোরাসিয়া (৪০)।
এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪৮ এবং ৩৪৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। কচ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) এঁদের গ্রেফতার করেছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে প্রত্যেকের।



