৫০ পয়সার অনুদানে ৮ দিনের বইমেলা

ফরিদপুরে শিক্ষার্থীদের ৫০ পয়সার অনুদানে শুরু হয়েছে ৮ দিনের বইমেলা। অমর একুশে বইমেলা নামে ব্যাতিক্রমী এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আর মেলায় প্রথম দিন থেকেই রয়েছে ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। লেখক ও পাঠকদের এই মিলন মেলার সময় আরো বাড়ানোর দাবি সব মহলের।
‘আট আনায় জীবনের আলো কেনা’ এমন শ্লোগানে ফরিদপুরে শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত। ৩১ টি স্টলে বই ব্যবসায়ীদের পাশাপাশি প্রেসক্লাব ও এনজিওসহ, বইয়ের পসরা সাজিয়েছে বিভিন্ন স্কুল ও সামাজিক প্রতিষ্ঠান।
এবারের মেলার বিশেষত্ব হলো, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেয়া প্রত্যেকের আট আনা পয়সায় বসেছে এ অনন্য আয়োজন। আর এমন আয়োজনে শরিক হতে পেরে উচ্ছসিত শিক্ষার্থীরা। ভাষার মাসে এমন আয়োজনে খুশি লেখক ও পাঠকরা। অবিভাবকদের মতে, ইলেকট্রনিক্স ডিভাইসের পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভুমিকা রাখবে এ মেলা।
প্রথমদিন থেকে বই কিনছে মানুষ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের পাশাপাশি, ছোটদের বই বিক্রি হচ্ছে বেশি। পাঠকের চাহিদার বিবেচনায় মেলার সময় বৃদ্ধির দাবি বিক্রেতাদের।
এদিকে, জেলা প্রশাসক অতুল সরকার জানান, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে ভুমিকা রাখবে এ ধরনের আয়োজন। এছাড়া মেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় থাকবে বলেও জানান, তিনি।
মেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন পরিবেশিত হচ্ছে নানা দেশীয় পরিবেশনা। যা আকৃষ্ঠ করছে বিভিন্ন বয়সী দর্শকদের।
এহসান উদ্দিন রানা, ফরিদপুর প্রতিনিধি



