
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া, শহীদ মিনার এলাকা ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার সকালে শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের একথা জানান, ডিএমপি কমিশনার।
যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি দেখতে সকালে শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, শহীদ মিনারকে কেন্দ্র করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোসহ নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি যেকোন পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে বলেও জানান, পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
শাহরিয়ার রাজ, বাংলাটিভি



