
সব বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে পাঠকের পদচারণায় যেমন জমজমাট, তেমনি সাহিত্যিক শিল্পীদের আনাগোনাও বইমেলার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। প্রতিদিন আসছে নতুন নতুন বই। মেলার ১৮তম দিনে এসে মেলায় মোট নতুন বই এসেছে ২ হাজার ৭শ ৩৮টি। এর মধ্যে আজ এসেছে ১১৬টি।
বই জ্ঞানের আধার। পৃথিবীর সকল জ্ঞান ঘুমিয়ে থাকে বইয়ের পাতায়। একজন জ্ঞানপিপাসু যখন বইয়ের পাতা খোলে, তখন ঘুমন্ত জ্ঞান জেগে ওঠে, কথা বলতে শুরু করে পাঠকের সাথে, জ্ঞানের আলোয় আলোকিত করে পাঠকদের।
তাই শেষের দিকে, প্রিয় বইটির খোঁজে প্রাণের এই অমর একুশে গ্রন্থমেলায় নেমেছে নানা বয়সী মানুষের ঢল। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা, বেড়েছে লেখক পাঠক ও দর্শনার্থীদের কোলাহল। বাঙ্গালির প্রাণের এই মেলায় বই প্রেমীদের ভীড় বাড়ার সাথে সাথে বেড়েছে বই বিক্রিও। নতুন বইও এসেছে অনেক।
ভালোলাগা আর ভালোবাসার আরেক নাম বই, মানুষের প্রিয় বন্ধুও। মন খারাপ কিংবা একাকীত্ব সবকিছুতেই চির সাথী বই। আর মানবিক বিকাশের মূলমন্ত্র বই কিনতে মেলায় এসে পাঠকের যেন উচ্ছ্বাসের শেষ নেই।
অমর একুশে গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা। বাংলার সংস্কৃতিতে হাজারো মেলার মাঝে বই মেলার গুরুত্ব সবচেয়ে বেশি। দীর্ঘদিন থেকে আমাদের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেছে মূলত এই বই মেলার মাধ্যমে।
মাসুদ সুমন, বাংলাটিভি



