
মায়ের ভাষার জন্য জীবন দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বিদেশিরাও। এদের কেউ কেউ হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন কেবলমাত্র শ্রদ্ধা জানানোর জন্যই। ভাষার প্রতি বাঙালিদের শ্রদ্ধা আর ভালবাসা দেখে মুগ্ধ তারাও।
ডেভিড নিকলাস যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাত সমুদ্র পাড়ি দিয়ে ছুটে এসেছেন, পরিবারের ১৩ সদস্য নিয়ে। সবাই মিলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন, এ দেশের সূর্য সন্তানদের প্রতি।
মাতৃভাষার প্রতি বাঙ্গালির এত আবেগ আর ভালোবাসা দেখে মুগ্ধ তারা। জানালেন, নিজেদের ভালো লাগার কথাও।
এদিকে, দেশ ভিন্ন হলেও ভাষা এক; তাই ওপার বাংলা থেকেও শুধু এই দিনটি উদযাপনে, ছুটে এসেছেন পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দারাও। বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, ভাষা শহীদের প্রতি।
ভোর থেকেই শ্রদ্ধা জানাতে সব শ্রেণি পেশার মানুষের স্রোত যেন মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



