সঠিকভাবে বাংলায় কথা বলতে না পারা মানসিক দৈন্যতা : প্রধানমন্ত্রী

দেশের মাটিতে থেকে যারা সঠিকভাবে বাংলায় কথা বলতে পারে না, তাদেরকে করুণা ছাড়া কিছুই করার নেই বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান শহীদ দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন।
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, শুক্রবার বিকেলে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রক্তে অর্জিত রাষ্ট্রভাষা বাংলার প্রতি, প্রজন্মের ভালোবাসা বাড়াতে সকলকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরো বলেন, ভাষা সংগ্রামীরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করেছেন। আজকে যারা নিজ সন্তানদের একুশের চেতনা ও মাতৃভাষাকে ভালোবাসতে শেখায় না, তারা মানসিক দৈন্যতায় ভোগেন।
বৈশ্বিক যোগাযোগের কারণে বিদেশি ভাষার প্রয়োজন আছে; তবে তা নিজ জন্মভূমির বাংলা ভাষার লালন ভুলে গিয়ে নয়। পাশাপাশি, ভাষা রক্ষা ও চর্চায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরো শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানালেন, সরকারপ্রধান।
আসাদ রিয়েল, বাংলা টিভি



